যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৪, ০২:২৩

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুড়ুরা গ্রাম থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ও এলাকাবাসী। যুবকটি ওই গ্রামের বাসিন্দা ছিল। তার নাম মোস্তাকুর রহমান (২৪)।
গতকাল সকালে পুড়ুরা গ্রামের পাশের চাপরবাড়ী গ্রামের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোস্তাকুর ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ২৪ সেপ্টেম্বর গ্রামের সুমন (২৫) নামের এক যুবক ত্রিশাল যাওয়ার কথা বলে তাঁকে ডেকে নেন। এর পর থেকেই তিনি নিখোঁজ। ভালুকা থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ২৭ সেপ্টেম্বর মোস্তাকুরের বাবা মোশাররফ হোসেন সুমন ও তাঁর ছোট ভাই মামুন এবং সহযোগী বিল্লালকে আসামি করে ভালুকা থানায় একটি অপহরণ মামলা করেন। সুমন পলাতক। মামুন ও বিল্লালকে আটক করা হয়েছে।