নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজার কাছে একটি ট্রাকের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাশটি উদ্ধার করে গুরুদাসপুর থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, সকাল থেকে ট্রাকটি মহাসড়কের পাশে পড়েছিল। সন্ধ্যার কিছু আগে ট্রাক থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে লাশটি উদ্ধার করে। ট্রাকটি যশোরের শফিক আহম্মেদের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে গত ১ অক্টোবর ঢাকার কদমতলী থানা এলাকা থেকে ট্রাকটি ছিনতাই হয়। এ ঘটনায় ট্রাকের মালিক বাদী হয়ে ওই থানায় মামলা দায়ের করেন। ঘটনার দুই দিন পর ট্রাকটি গুরুদাসপুর টোলপ্লাজার কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
