কুমিল্লার লাকসাম বিএনপির দুই নেতা সাবেক সাংসদ সাইফুল ইসলাম (হিরু) ও হুমায়ুন কবির পারভেজকে অপহরণ করেছে র্যাব- মামলার সাক্ষীরা তাই বলছেন। কিন্তু লাকসাম পুলিশ আদালতে প্রতিবেদন দিয়েছে, এ ঘটনায় র্যাব জড়িত নয়। ‘হয়তোবা’ দুষ্কৃতকারীরা এঁদের অপহরণ করেছে।
নিখোঁজ দুই নেতার পরিবার পুলিশের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তারা অভিযোগ করে বলেছে, র্যাবের সদস্যরাই সাইফুল ইসলাম ও হুমায়ুন কবির পারভেজকে ধরে নিয়ে গেছেন। ঘটনার দুজন প্রত্যক্ষদর্শীও রয়েছেন। র্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আদালতে দেওয়া হয়েছে। অথচ পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ না করেই আদালতে প্রতিবেদন দিয়েছে।
আদালতে খোঁজ নিয়ে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ও লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু বককার খান গত ৯ সেপ্টেম্বর আদালতে ওই প্রতিবেদন জমা দেন। কিন্তু বিষয়টি পুলিশ গোপন রাখে। নিখোঁজ দুই নেতার পরিবারকেও কিছু জানায়নি। গত বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ পায়।
