সাতক্ষীরা ও কেশবপুরে ২৬০ চারা কর্তন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ০২:৪৩

শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে প্রায় ১০০ বিঘা আয়তনের সরকারি চরের জমি দখলের জন্য বিভিন্ন প্রজাতির দু্ই শতাধিক গাছের চারা কেটে ফেলা হয়েছে। ওই ইউনিয়নের ৯ নম্বর (কালিঞ্চি) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুল গফ্ফার তরফদারের নেতৃত্বে এ কাজটি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

শ্যামনগরের রমজাননগর ইউপির চেয়ারম্যান মো. আকবর আলী জানান, গতকাল সকাল আটটার দিকে ৬০-৭০ জন শ্রমিক সুন্দরবনসংলগ্ন মাদার নদের কালিঞ্চির চর থেকে দুই শতাধিক বাইন, কেওড়া ও খলিশাগাছের চারা কেটে ফেলেন। পরে প্রায় ১০০ বিঘা আয়তনের ওই চরে তাঁরা চিংড়ির চাষ করার জন্য বেড়িবাঁধ দেওয়া শুরু করেন। এ খবর জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের জিজ্ঞাসা করলে তাঁরা বলেন, আবদুল গফ্ফার তরফদার তাঁদের দিয়ে এ কাজ করাচ্ছেন।
এ ব্যাপারে আবদুল গফ্ফার তরফদার বলেন, জামায়াতের লোকজন ওই জমি দখল করে গাছ কেটে বেড়িবাঁধ দিচ্ছিলেন। তাঁকে হেয় করার জন্য স্থানীয় চেয়ারম্যানসহ কয়েকজন তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা এস এম জামাল বলেন, এর আগেও ওই চর দখলের জন্য আবদুল গফ্ফার তরফদার কয়েকটি গাছ কেটেছিলেন। একই কথা বলেন শ্যামনগরের ইউএনও আবু সাঈদ মো. মঞ্জুর আলম। তিনি বলেন, বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।