শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারে যুবলীগ কর্মী মো. শামসুল হক শামসু পাঠানকে (২২) জবাই এবং ডান পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুলিশ বাঘড়া বাজারের পূজা ম-পের পেছনের পুকুর পাড় থেকে তার রক্তাক্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করে। লাশ উদ্ধারের বিশ মিনিট আগে তাকে বাঘড়া গরুর হাটে দেখা গেছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
তবে এলাকাবাসী জানায়, ঐ এলাকায় বিবাদমান দু’গ্রুপের মধ্যে শামসু এক গ্রুপের সদস্য। এর আগে গত মার্চ মাসে এই গ্রুপের আরেক সদস্য ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনকেও দুর্বৃত্তরা যাত্রীবাহী বাসে উঠে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। শামসু বাঘড়া গ্রামের মৃত সোলেমান মিয়া ওরফে বাবু পাঠানের পুত্র।
শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত বাঘড়ায় স্বাধীনতার পর বর্তমান চেয়াম্যান এবং ফাঁসির আদেশপ্রাপ্ত আরেক চেয়ারম্যান ছাড়া সকলেই খুন হয়েছেন।
