নিজেদের কখনো সাংবাদিক কখনো বা মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারণা চালিয়ে আসছিল একটি প্রতারকচক্র। পঞ্চাশ হাজার টাকা চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে গ্রেফতার হয় কথিত বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির পরিচয়দানকারী তিন যুবক। ঝালকাঠির রাজাপুরে শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর বাজারে চাঁদাবাজির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- শাহাবুদ্দিন, রিপন হাং ও নির্মল ঘোষ কাজল।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১ টায় উপজেলার সদর বাজারে মোটরসাইকেল যোগে ফেন্ডস বেকারিতে প্রবেশ করে তারা নিজেদের মানবাধিকার কর্মী ও ক্রাইম রিপোর্টার দাবি করে ঐ বেকারির বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন আছে কিনা তা জানতে চায়। পরে বেকারির কারখানার ভেতরে পরিদর্শন করে বের হয়ে বেকারির মালিক অনুপ মজুমদার এর কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে। অন্যথায় তারা তার বেকারির বিরুদ্ধে রিপোর্ট করবে বলে হুমকি দেয়। এ সময় বাজারের জনতার সন্দেহ হলে তারা ৩ জনকেই আটক করে থানায় সোপর্দ করে। চাঁদাবাজির ঘটনায় ওই ব্যবসায়ী রাজাপুর থানায় পেনাল কোর্ট ৪৪৮/৩৮৫/৫০৬ ধারায় মামলা করেছেন। মামলা নং-৪২/১৯ তারিখ-২৩ ফেব্রুয়ারি।
আরো পড়ুন: ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান
এ বিষয়ে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল ক্রাইম এর সম্পাদক ও প্রকাশক এইচ এম শাহআলম শাহ জানান, ‘গ্রেফতারকৃত ৩ চাঁদাবাজ আমার পত্রিকার সাঙ্গে জড়িত নয়। এদের পরিচয় আমি জানিনা। আমার অজান্তে আমার পত্রিকার ভুয়া কার্ড তৈরি করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আমার পত্রিকার সম্মান ক্ষুণ্ণ করছে।’
এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, বিষয়টি জটিল এজন্য নির্বাহী কর্মকর্তাকে জানালে তার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। রবিবার সকালে গ্রেফতারকৃতদের ঝালকাঠির আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
