মুন্সীগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ৪

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১১:৩২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কলেজ রোডে দু’গ্রুপের সংঘর্ষে সিরাজ চৌকিদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত সিরাজ চৌকিদারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান। আহত  রাহাদ (২২), রিয়াদ (২০) অনিক(২০) ও অপুকে(২১) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের লাশ ডিএমসি মর্গে রয়েছে।

 
শ্রীনগর উপজেলার ডিউটি অফিসার এসআই মো. সাইদুজ্জামান ও স্থানীয় সূত্র জানান, সমবয়সী জশুরগাঁওয়ের রাহাদ ও পার্শ্ববর্তী জশুরগাঁওয়ের রাহাদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে বাগবিতণ্ডা হয়। পরে বেজগাঁওয়ের রাহাদের পক্ষে ছাত্র লীগের নেতা পারভেজ শিকদার পনিরের নেতৃত্বে লাঠিসোঁঠা নিয়ে ৩০/৪০ জন হামলা চালায়। এ সময় জশুরগাঁওয়ের রাহাদের স্বজনরা তাকে রক্ষা করতে গেলে সংঘর্ষ বেধে যায়। একতরফা পিটুনিতে জশুরগাঁওয়ের রাহাদের চাচা শ্রীনগর বাজারের ব্যবসায়ী মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত সিরাজ চৌকিদার জশুরগাঁও গ্রামের বাসিন্দা।