টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ীকে নিজ বাসায় হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শক্রবার ভোরে উপজেলার গোবিন্দাসী বাজার সংলগ্ন নিজ বাড়িতে সুবেদ কর্মকারকে (৫০) হত্যা করা হয়। হত্যার পর ঘরে থাকা আলমারী ভেঙ্গে স্বর্ণ, টাকা-পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায়। সুবেদের তিন সন্তানের রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে উপজেলার গোবিন্দাসী বাজারস্থ ওই স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ঢুকে তাকে হাত-পা বেঁধে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় ঘরের আসবাবপত্র ও আলমারী ভেঙে স্বর্ণ, টাকা পয়সাসহ মালামাল লুট করে নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা তার বাসায় গেলে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করতে থাকে। পরে সন্দেহবশত প্রতিবেশীরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সুবেদকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত দেখতে পায়। দুর্গাপূজা উপলক্ষে দুই মেয়ে ও চার বছরের ছোট ছেলেসহ স্ত্রী তার গ্রামের বাড়ি কালিহাতী উপজেলার দশাইকায় রয়েছে। তাই সুবেদ একা থাকার সুযোগে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে এ কাণ্ড ঘটায়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূঞাপুর নৌ-পুলিশ ফাঁড়ির আইসি মো. আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
