নারায়ণগঞ্জে নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৭:০৩
 
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিল্লাল মিয়া (২৪) নামের এক নৈশ প্রহরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে চর রাজাপুর গ্রামের একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিল্লাল একই গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।
নিহতের বোন জামাই শামীম মিয়া জানান, চর রাজাপুর গ্রামে উত্তর চাষাঢ়া এলাকার জনৈক নাহিদুজ্জামানের জমি দেখাশুনার জন্য রাতে নৈশ প্রহরীর কাজ করতেন বিল্লাল। সেখানে ডিউটি করা কালীন সময়ে স্থানীয় লোকজনের সাথে বিল্লালের বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে বিল্লাল থানায় একটি জিডিও করে ছিলেন। আমাদের ধারণা ঐ লোকজনরা বিল্লালকে তার কর্মস্থলে হত্যা করেছে। এমন প্রমাণ আমরা পেয়েছি। তবে ঘটনার সাথে জড়িতদের নাম প্রকাশে অস্বীকৃতি জানান তিনি।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ হাসান সুমন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিল্লাল আত্মহত্যা করেছে। তার শরীরে কোন আঘাতের দাগ পাওয়া যায়নি। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।