কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৮:৩২
 
 
কক্সবাজারে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মনির নামে আন্তজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। তার বাড়ি রামুতে। ঘটনার সময় ডাকাতদের গুলিতে চার পুলিশ সদস্য এবং রোকসানা (১৭) নামে স্থানীয় এক কিশোরী আহত হয়। শনিবার ভোররাত ৪টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়াছড়াস্থ বাঁচা মিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ৪ পুলিশ সদস্য হলেন- কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এবং কনস্টেবল ফরিদ, বংশী ও অজয় বড়ুয়া। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ভোররাত চারটার দিকে ৩০ জনের একদল ডাকাত শহরের বাঁচা মিয়ার ঘোনা এলাকার সিরাজুল ইসলামের বাড়ীর গ্রিল কেটে ঘরের ভেতরে ঢোকে। এসময় বাড়ীর লোকজন ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে তাদেরকে লক্ষ্য করে ডাকাতরা গুলিবর্ষণ করে। এতে সিরাজুল ইসলামের ভাগ্নি  রোকসানা(১৭) গুলিবিদ্ধ হয়। এসময় গুলীর শব্দে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। কিন্তু ডাকাতরা পুলিশকে লক্ষ্য করেও গুলীবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে মনির নামের এক ডাকাত গুরুতর আহত হয়। এ সময় অন্য সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মনিরকে আটক করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র, নগদ টাকা ও ডাকাতিকৃত মালামাল উদ্ধার করা হয়। পরে আহত ডাকাত মনিরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় বিকালে মারা যায় সে। 
ওসি আরো জানান, ডাকাত দলের সাথে পুলিশের ২০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। ঘটনার ব্যাপারে থানায় মামলা করা হচ্ছে।