তানোরে দুই মণ্ডপের সমর্থকদের সংঘর্ষে আহত ৩৫

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৯:০৮
 
 
 
 
রাজশাহীর তানোর উপজেলা সদরে দুই পূজা মণ্ডপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার শিবতলা কেন্দ্রীয় মন্দির ও গোল্লাপাড়া বাজার মন্দিরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। শিবতলা কেন্দ্রীয় মন্দিরের সমর্থকরা মাতাল অবস্থায় গোল্লাপাড়া বাজার মন্দিরের প্রতিমা বিসর্জন দিতে যাওয়া লোকজনের উপরে ইট-পাটকেল নিক্ষেপ করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও তানোর থানা পুলিশ জানায়, গোল্লাপাড়া বাজার মন্দিরের সমর্থকরা প্রতিমা বিসর্জন দেয়ার জন্য যাচ্ছিলেন। এসময় মাতাল অবস্থায় থাকা পাশের শিবতলা কেন্দ্রীয় মন্দিরের লোকজন তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে গোল্লাপাড়া বাজার মন্দিরের প্রতিমা বিসর্জন দিতে যাওয়া কালু হলদারের মাথায় আঘাত লেগে আহত হন। এর জেরে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে শিবতলা কেন্দ্রীয় মন্দিরের সাগর কুমার অধিকারী, সুজন দাস, সম্রাট, প্রদীপ. বিশ্বনাথসহ অন্তত ১৫ জন এবং প্রতিপক্ষ মিদুল কুমার ঘোষ, বাঁধন বিশ্বাস, পঙ্কজ হালদার, সুখেন হালদার, পলাশ কুমার, শিমুল কুমারসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের তানোর স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।
সংঘর্ঘের সময় তানোর বাজারের ফুটপাতে অবস্থিত চটপটি, চা ও ডিম বিক্রি করার দোকানসহ ৫টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনা শুরুর পরপরই তানোর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। প্রায় ৩০ মিনিট চেষ্টার পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন তানোর উপজেলার নির্বাহী অফিসার মুনীরুজ্জামান ভূঁঞা। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার জড়িত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।