কক্সবাজারের টেকনাফে নগদ ২৩ লাখ টাকাসহ নুর কবির নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টাকাগুলো হুন্ডির মাধ্যমে পাচারকালে তাকে আটক করা হয় বলে দাবি করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নায়েক মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল টেকনাফ পৌরসভার শাপলা চত্তর এলাকা অভিযান চালায়। এ সময় তারা নাম্বার বিহীন মোটরসাইকেল ও ২৩ লাখ টাকাসহ নূর কবিরকে আটক করে।
নূর কবির পৌর এলাকার দক্ষিণ জালিয়া পড়ার নুর মোহাম্মদের ছেলে। আটক নুর জানান, টাকাগুলো সদর ইউনিয়নের গোদারবিলের মেম্বার আবু সৈয়দের। তিনি একজন বাহক মাত্র।
বিজিবি আরও জানায়, টেকনাফের সদর ইউনিয়নের গোদালবিলের মেম্বার আবু সৈয়দ(৫০), পৌরসভা কুলার পাড়ার মো. শহিদ(৩৮) ও নুর কবিরের যোগসাজসে উক্ত টাকাগুলো মিয়ানামারে পাচারের করা হচ্ছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, বিজিবি ২৩ লাখ টাকাসহ নুর কবিরকে থানায় সোপর্দ করে দুই জনকে পলাতক আসামী করে মানি লন্ডারিং প্রতিরোধে মামলা রুজু করেছে।
