ভাটারায় ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ২০:৩৫
 
তুচ্ছ ঘটনায় রাজধানীর ভাটারায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ভাটারা ছাত্রলীগের সভাপতি মামুন অর রশিদসহ কয়েকজন আহত হয়েছে। মামুনকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
ভাটারা থানার অপারেশন অফিসার আবদুল হালিম জানান, শনিবার দুপুর ১২টার দিকে মামুনসহ তার কয়েক সহযোগী ভাটারার ১০০ ফুট রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় নির্মাণাধীন এক ভবন থেকে মামুনের মাথার উপর ময়লা পানি পড়ে। মামুন এই ঘটনার প্রতিবাদ করলে ছাত্রলীগ নেতা কালাম ও শামীম খন্দকারের লোকহজন মামুনকে আটক করে পেটাতে থাকে। পরে থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্না, সহ-সভাপতি মুমু, দিপু, আলামিন ঘটনাস্থলে আসলে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাটারা থানার ওসি সারোয়ার আলম বলেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।