যনজটের কারণে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক স্থবির হয়ে পড়েছে।শনিবার এ মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট দেখা যায়।
টাঙ্গাইল প্রতিনিধি ও মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে ভয়াবহ যানজট। উপজেলার পাকুল্যা থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পর্যন্ত প্রায় ৩০ কি.মি. এলাকা যানজটে একেবারেই স্থবির হয়ে পড়ে। এতে কর্মস্থল থেকে ঈদের ছুটিতে ঘরে ফেরা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। কোরবানির পশু ভর্তি শত শত ট্রাক আটকা পরায় বেপারিরাও পড়েন বিপাকে। যানজটের কারণে বেশ কিছু গাড়ি সাভারের নবীনগর হয়ে মানিকগঞ্জ দিয়ে টাঙ্গাইলে আসে। এতে টাঙ্গাইল শহরে পৌঁছতে সাত থেকে আট ঘন্টা সময় লেগে যায়।
জানা গেছে, উপজেলার সোহাগপাড়া এলাকায় সকাল ৯টার দিকে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে সড়কের উভয়পাশে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে। এই যানজট ছাড়াতে অন্তত আধা ঘন্টা সময় লাগে। তবে দুপুরের পর মহাসড়কের মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজট না থাকলেও খুব ধীরে ধীরে গাড়ি চলাচল করছে। অতিরিক্ত গাড়ির চাপের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
