লন্ডনে ঈদুল আজহা উদযাপন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ২৩:৫১

শনিবার, ৪ অক্টোবর ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। লন্ডনে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার মুসলমান এখানে ঈদের নামাজ পড়েন। নামাজ শেষে বাংলাদেশিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।


ঈদ উপলক্ষে লন্ডনে বাংলাদেশিদের বাসাবাড়িতে ছিল নানান আয়োজন। পশ্চিম লন্ডনের এক বাড়িতে গিয়ে দেখা গেল দেশের মতো এলাহী খানাপিনার আয়োজন। পিঠা, সন্দেশ, মিষ্টি, সেমাই, লাচ্ছি কী নেই। কোরমা-পোলাও আছে। সেখানে একে একে এসে উপস্থিত বিলেতের মিডিয়া পাড়ার বেশ কিছু কর্মী ও শিল্পী। খাওয়া-দাওয়া আর কুশলাদি বিনিময়ের পাশাপাশি চলে ঈদের গান আর দেশের ফেলে আসা ঈদের স্মৃতি।