যুক্তরাষ্ট্রে ঈদ উদ্‌যাপন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ২৩:৫৮

মার্কিন যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। অধিকাংশ মুসলমান আজ শনিবার ঈদুল আজহা পালন করছে। নিউইয়র্কসহ বড় বড় নগরে অল্প সংখ্যক মুসলমান আগামীকাল রোববার ঈদ করবে। 

পবিত্র হজ্ব এবং ঈদুল আজহা উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। হোয়াইট হাউস থেকে দেওয়া শুভেচ্ছাবার্তায় ঈদের উৎসবে মুসলমানদের ত্যাগ ও সহমর্মিতার কথা উল্লেখ করা হয়েছে। শান্তি, সমৃদ্ধি এবং ন্যায়বিচারের কথা স্মরণ করে বারাক এবং মিশেল ওবামা সারা বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচছা জানিয়েছেন।
নিউইয়র্কে প্রবাসীদের বড় ঈদের জামাত হয়েছে জামাইকা মুসলিম সেন্টারে। এ ছাড়া বাংলাদে​শি অধ্যুষিত ব্রুকলিন, এস্টোরিয়া, জ্যাকসনস হাইটস, ব্রুকস, নিউজার্সির পেটার্সন, আটলান্টিক সিটি, নিউ ব্রানসউইকে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশিরা। প্রতিটি ঈদের জামাতে মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান এবং নিজ দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সপ্তাহান্তের ছুটি থাকায় শিক্ষার্থীরা ঈদ করতে পারছেন। দে​শি জামা কাপড় পরেই তারা ঘুরছে। অভিবাসন বৈচিত্র্যের দেশ আমেরিকায় বিভিন্ন দেশের মুসলমান নারী-পুরুষ তাদের দেশীয় জামা কাপড় পরেছে। যেন সকলেই সেখানে মেতেছিল ঈদ উৎ​সবে।