উৎসবমুখর পরিবেশে ইতালীতে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। রাজধানী রোমে কর্মব্যস্ত প্রবাসীরা ঈদের নামাজ আদায় করেই ছুটেছে কর্মস্থলে। শনিবার ঈদ হওয়াতে কর্মদিবসের চেয়ে অনেক বেশি মুসল্লির সমাগম ঘটে ঈদের জামাতগুলোতে।
রাজধানী রোমে এবার সর্বোচ্চ ১৭টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় পিয়াচ্ছাভিত্তোরিওস্থ জাতীয় ঈদগা মাঠে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহদৎ হোসেন, আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে ঈদের নামাজ আদায় করেন।
প্রতিটি জামাতে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়। রোমের কেন্দ্রীয় মসজিদ ছাড়াও তরপিনাত্তারা মুসলিম সেন্টার, মনতেভেরদে, মনতানিওয়ালাপার্ক, সেন্তসেল্লে প্রভৃতি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া ইতালির মিলান, পালেরমোওব্রেসিয়ায়, পিসা, ভেনিস, বারি, সিসিলিয়াসহ প্রায় বড় বড় সব শহরগুলোতে ঈদের জামাত হয়।
কোরবানীর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রবাসীরা বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদ নামাজ শেষে একে অপরের মধ্যে সৌহাদ্য বিনিময় করেন। আত্মীয়-স্বজন ছাড়া ঈদ করলেও প্রবাসীরা বেশ আনন্দিত।
