গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুত্ বিপর্যয়ের কারণে ম্লান হয়ে গেছে ঈদ আনন্দ। দুপুর ২টা থেকে রাত ৮টায় এ রির্পোট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর এলাকা, মাহিমাগঞ্জ শিল্পনগরী, কোচাশহরসহ উপজেলার বেশিরভাগ এলাকা বিদ্যুত্হীন রয়েছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দ্রুত বিদ্যুত্ সরবরাহের দাবিতে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলীর অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছে।
এলাকাবাসী জানায়, ঈদের দিন বিদ্যুত্ না থাকায় ফ্রিজ চলছে না। এতে কোরবানির মাংস নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। আবার অনেকে বঞ্চিত হচ্ছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিনোদনমূলক অনুষ্ঠান থেকে। এছাড়া পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে।
এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী নুর ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সমস্যা সমাধাণের চেষ্টা চলছে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত বিদ্যুত্ চালু হয়নি। অন্যদিকে বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ অব্যহত ছিল।
