লালমনিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনা : নিহত ২

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ২০:২২

ঈদের দিন সন্ধ্যায় লালমনিরহাট সদরের বড়বাড়ি জুড়াবান্ধায় এক দুর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের চার সঙ্গী। নিহতরা হলেন রংপুর নগরীর বালাটারী এলাকার প্রয়াত জজ মিয়ার ছেলে মনির হোসেন (২২) এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যেরবাজার গ্রামের রমজান আলীর ছেলে সামিউল ইসলাম পলাশ (২২)। আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মনিরের চাচা দুলাল মিয়া বলেন, মনিরের তিন বন্ধু এক মোটর সাইকেলে করে দুপুরে ঈদের দাওয়াত খেতে তার বাড়ি আসেন। সন্ধ্যার কিছুক্ষণ আগে মনির, তার বন্ধু শাহিন ও শফিকুল আরেকটি মোটর সাইকেলে করে ওই তিন বন্ধুর সঙ্গে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেন। সন্ধ্যায় খবর পাই বড়বাড়িতে মনির দুর্ঘটনায় পড়েছে। হাসপাতালে আনার পথে মনির মারা যায়।
লালমনিরহাট সদর থানার ওসি এম এইচ এম মাহফুজার রহমান জানান, পলাশ ঘটনাস্থলে এবং মনির রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি জানান, সড়কের পাশ থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে পাশাপাশি ধাক্কা খেয়ে তারা সড়কে ছিটকে পড়েন।