নারী শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ২০:২২

চট্টগ্রামের সদরঘাট থানার একটি বাড়ি থেকে এক নারী পোশাকশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।তার নাম পাখি আক্তার (২৫)। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়। সদরঘাট থানার এসআই ভবেশ চন্দ্র জানান, সোমবার রাত ৮টার দিকে পশ্চিম মাদারবাড়ির যুগি চাঁদ মসজিদ লেইনের এক বাসায় পাখি আক্তারের লাশ পাওয়া যায়।

ঘটনার পর থেকে নিহতের রিকশাচালক স্বামী মোহাম্মদ ইউসুফ চার বছরের ছেলেসহ পলাতক রয়েছেন। পুলিশের সন্দেহ, দাম্পত্য কলহের জের ধরে স্বামী ইউসুফই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে এসআই ভবেশ সাংবাদিকদের বলেন, ওই দম্পতির সম্পর্কে দীর্ঘদিন ধরে সংকট চলছিল। আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তিনি বলেন, সন্দেহভাজন হিসেবে ইউসুফকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।