ফিলিপাইনে ২ সুইস নাগরিককে গুলি করে হত্যা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ১৩:১৯
 
দক্ষিণ ফিলিপাইনে অবসর যাপনের একটি শহরে দুই সুইস নাগরিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পুলিশ সোমবার এ কথা নিশ্চত করেছে। খবর এএফপির।
পৌর পুলিশ প্রধান সিনিয়র ইন্সপেক্টর আলউইন বাকলাও বলেছেন, রবিবার মিসামিস ওরিয়েন্টাল প্রদেশের ওপোল শহরে দুপুর ১টায় (০৫০০ জিএমটি) দুই সুইস নাগরিক সমুদ্র সৈকত থেকে আসার পরপরই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাদের মাথায় গুলি করে। নিহতদের একজন ৬৭ বছর বয়সী রবার্ট এরিক লোভার, অপরজন ৭৮ বছর বয়সী বালটাজার জোহান এমি।
বাকলাও বলেন, আততায়ীরা হামলার পর পায়ে হেঁটে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী নিহতদের দুই নারী সঙ্গী এ কথা জানিয়েছেন। পুলিশ ডাকাতির সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। সন্দেহভাজনরা নিহতদের মালামাল নিয়ে যায়নি। তদন্ত চলছে বলে বাকলাও জানিয়েছেন।