হংকংয়ে গণতন্ত্রপন্থীর সঙ্গে সরকারের আলোচনা শুরু

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ১৩:৩৮
 
হংকংয়ে মঙ্গলবারও রাস্তায় অবস্থান করছেন বিক্ষোভকারীদের একটি অংশ। অবশ্য গণতন্ত্রকামীদের সঙ্গে সরকারের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে সোমবার রাতে। 
মঙ্গলবার রাস্তায় অবস্থানকারী বিক্ষোভকারীদের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। খুচরা বিক্রেতাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেছে, অফিসগামী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে আন্দোলনকারীদের বিবাদ দেখা গেছে।
সরকারের সঙ্গে আন্দোলনকারীদের প্রাথমিক আলোচনা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার আন্দোলনকারী ছাত্ররা সরকারি ভবন ও খুচরা পণ্যবিক্রয়ের এলাকাগুলো থেকে অবরোধ সরিয়ে নিতে শুরু করে।
গত সপ্তায় আন্দোলনকারীরা বেইজিং মনোনীত শহরটির নেতা লেয়ুঙ চুন য়িঙ এর পদত্যাগ দাবি করেছিল। তারা ২০১৭ সালের নির্বাচনে হংকংবাসী যাকে চায় তাকে নির্বাচিত করার ক্ষমতা দেয়ার দাবি জানিয়েছিল।
চীন নির্বাচনী প্রার্থীদের বাছাই করে তারপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে চাচ্ছিল।
প্রাথমিক আলোচনার পর সংবিধান ও মূলভূখণ্ডের সঙ্গে সম্পর্ক সম্পর্কিত উপমন্ত্রী লাউ কোঙ ওয়া জানিয়েছেন, আনুষ্ঠানিক আলোচনার সাধারণ নীতি নিয়ে উভয়পক্ষ একমত হয়েছে।-রয়টার্স