শিবালয়ে যাত্রা মঞ্চে হামলায় নিহত ১

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ২০:২২
 
শিবালয় উপজেলার ষাইটঘর এলাকায় সোমবার রাতে যাত্রা মঞ্চ ভাঙচুর ও হামলায় শাহীনুর রহমান শাহান (৪০) নামে একজন নিহত হয়েছেন। তিনি উত্তর তেওতা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। এ হামলায় আরো ১০ জন আহত হয়েছেন।
অনুষ্ঠানে অতিথি ও সম্পৃক্ত না করায় স্থানীয় তেওতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে রাতে ষাটঘর উচ্চ বিদ্যালয় মাঠে ‘নিজাম খুনি’ যাত্রাপালার আয়োজন করা হয়। তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আকবর যাত্রাটির উদ্বোধন করেন। এরপর যাত্রা শুরু হলে সোয়া একটার দিকে মাসুদের নেতৃত্বে ১০-১৫ জন লাঠি হাতে মঞ্চে হামলা চালায়। তারা লাইটিং, সাউন্ড সিস্টেমসহ মঞ্চ ভাঙচুর করে। এ সময় দর্শকদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে। বেশ কিছু দর্শক এগিয়ে গেলে তাদের হামলার শিকার হন। এতে ঘটনাস্থলে শাহীনুর রহমান নিহত হন। এসময় হামলায় আরো ১০ জন আহত হন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। আর এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।