অবশেষে ইতালি দলে ফিরলেন আন্দ্রেয়া পিরলো। সোমবার ইতালির ফেডারেশন জানায়, ফরোয়ার্ড জাকোমো বোনাভেনচুরা ঊরুতে চোট পাওয়ায় পিরলোকে দলে ডাকেন আন্তোনিও কোন্তে। এর আগে চোটের কারণে সেরি আর মৌসুমের প্রথম মাসটি মাঠের বাইরে থাকতে হয় ইউভেন্তুসের মিডফিল্ডার পিরলোকে।
গত বছর পিরোলা বলেছিলেন, ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। প্রতিযোগিতায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতলি প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়। উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে হারা ‘ডি’ গ্রুপের ম্যাচে হেরে শেষ হয় ইতালির বিশ্বকাপ অভিযান। এটিই পিরলোর শেষ ম্যাচ হয়ে থাকার কথা ছিল।
তবে দেশে ফিরে ডাক পেলে ইতালির হয়ে খেলার ইঙ্গিত দেন পিরলো। ইউভেন্তুসে তার তিন বছরের কোচ কোন্তেকে জুলাইয়ে ইতালি দলের দায়িত্ব দিলে পিরলোর খেলার সম্ভাবনা আরো বাড়ে।
