উ. ও দ. কোরিয়ার নৌবাহিনীর টহল নৌযানের মধ্যে গুলি বিনিময়

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ২০:৩৬
 
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর টহল নৌযানের মধ্যে মঙ্গলবার গুলি বিনিময় হয়েছে। বিরোধপূর্ণ পীত সাগর সীমান্তের কাছে তাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এরআগেও সেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।
মাত্র তিনদিন আগে উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের এক প্রতিনিধি দল আকস্মিকভাবে দক্ষিণ কোরিয়া সফরের পর যখন আন্তঃকোরীয় সম্পর্ক উন্নয়নের আশা করা হচ্ছিল ঠিক তখন এ দু’টি দেশের মধ্যে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটলো।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ার জাহাজ দক্ষিণ কোরিয়ার জলসীমার প্রায় আধা নটিক্যাল মাইল ভিতরে ঢুকে পড়েছিল।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘এসময় উত্তর কোরিয়ার টহল নৌযান থেকে গুলি বর্ষণ করলে আমাদের টহল নৌযান থেকে পাল্টা গুলি চালানো হয়।’ তিনি আরো জানান, এতে দক্ষিণ কোরিয়ার ‘কোন ক্ষতি’ হয়নি।
তিনি জানান, দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী ইয়নপিয়ং দ্বীপের কাছে স্থানীয় সময় সকাল ৯টা ৫০মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এএফপি