মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রত্নাট গ্রামে দুদল গ্রামবাসীর সংঘর্ষে এক জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহতের নাম আলম সরদার (৪০)। তিনি ওই গ্রামের আইজদ্দী সরদারের ছেলে। সংঘর্ষের সময় তিনি মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। আহতদের মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের চাঁন মিয়ার দলের সঙ্গে আব্দুল আওয়াল মেম্বারের দলের শত্রুতা চলে আসছিল। এর জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষের কয়েকশ লোক ঢাল, তলোয়ার, শরকি, রাম দা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
