সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। বুধবার বুধবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মৃগমারী খাল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা বনদস্যু আউয়াল বাহিনীর সদস্য বলে জানিয়েছে র্যাব।
নিহতরা হলেন-রাজু (২৫) এবং জাকির (৩০)। তবে এদের বাড়ির কোথায় তা র্যাব জানাতে পারেনি।
র্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানান, সুন্দরবনের বনদস্যু আউয়াল বাহিনীর সদস্যরা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগমারী খাল এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল সেখানে অভিযানে যায়। বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে র্যাবের উপর গুলি বর্ষণ করে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে বনদস্যুরা সুন্দরবনের ভেতরে পালিয়ে গেলে র্যাব সেখানে তল্লাসি চালিয়ে আউয়াল বাহিনীর দুই সদস্যের গুলিবিদ্ধ লাশ, তাদের ব্যবহৃত সাতটি আগ্নেয়াস্ত্র, দেড় শতাধিক রাউন্ড গুলি, বেশ কিছু ধারালো অস্ত্র, একটি অত্যাধুনিক ট্রলার, একটি বাইনো কুলার এবং বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী উদ্ধার করে। বন্দুকযুদ্ধের পর নদীতে মাছ ধরা জেলেরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনকে আউয়াল বাহিনীর সদস্য বলে সনাক্ত করে।
তিনি আরও বলেন, আউয়াল বাহিনী সুন্দরবনে ও সাগরে মাছ ধরা জেলে, বাওয়ালী, মৌয়ালসহ সুন্দরবনের ওপর নির্ভরশীল বনজীবীদের বিভিন্ন সময়ে অপহরণ করে চাঁদা আদায় করে আসছে। মরদেহ দুটি বাগেরহাটের মংলা থানায় নিয়ে আসা হচ্ছে।
