সিরাজগঞ্জে দম্পতির ওপর এসিড নিক্ষেপ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ১৫:৫১
 
সিরাজগঞ্জের কামারখন্দে এক দম্পতির ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মধ্য ভদ্রঘাট গ্রামে এই ঘটনা ঘটে।
তারা হলেন- উপজেলার মধ্য ভদ্রঘাট গ্রামের রহিম বক্সের ছেলে শাহ আলম (৩২) ও তার স্ত্রী আরজিনা বেগম (২৬)।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাট গ্রামের তাঁত ব্যবসায়ী শাহ আলম ও তার স্ত্রী আরজিনা বেগম রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বেড়ার উপর দিয়ে তাদের শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। বুধবার সকালে তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ ফরিদুল ইসলাম জানান, শাহ আলমের শরীরের ৫০ ভাগ ও আরজিনার ৪০ ভাগ এসিডে ঝলসে গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবুল উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।