ভারতের দক্ষিণাঞ্চলে বুধবার ভোরে সহকর্মীর গুলিতে পরমাণু কেন্দ্রের তিন রক্ষী নিহত হয়েছেন। তামিলনাড়ু রাজ্যের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এর একটি ঘাঁটিতে এ ঘটনা ঘটে। কালপক্কাম বিদ্যুত্ কেন্দ্র থেকে এই ঘাঁটি প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে অবস্থিত। তাত্ক্ষণিকভাবে এ হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। খবর এএফপি’র।
সিআইএসএফ তাজমহলের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি পরমাণু কেন্দ্র ও সরকারি কার্যালয়ের নিরাপত্তার দায়িত্ব পালন করে। সিআইএসএফ-এর মুখপাত্র হেমেন্দ্র সিংহ বলেন, ‘সকালের ডিউটিতে যাবার জন্য রক্ষীরা সমবেত হবার পর এ ঘটনা ঘটে।’
তিনি আরো জানান, হামলাকারী বিজয় প্রতাপ সিংহ অত্যন্ত অভিজ্ঞ। হেমেন্দ্র বলেন, ‘এমন না যে তিনি নতুন এই কাজে যোগ দিয়েছেন। তিনি দীর্ঘ ২৪ বছর ধরে এ কাজ করছেন। তাকে জিজ্ঞাসাবাদের পর এর কারণ সম্পর্কে জানা যাবে।’
তিনি জানান, এই ঘটনায় পরমাণু বিদ্যুত্ কেন্দ্রটির কার্য ব্যাহত হয়নি।
