পীরগঞ্জে বাস চাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ২২:০৫



রংপুরের পীরগঞ্জে বাস চাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার উজিরপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের আব্দুল মান্নান (৬৫), তার নাতি রোমান (২৫) এবং নাতনি তন্বি (১৪)। রোমান এশিয়ান ইউনিভার্সিটির এমবিএ ফলপ্রার্থী। তন্বী পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।
তারা পীরগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রধান হিসাবরক্ষক ও উপজেলার খেজমতপুর তালুকদার পাড়া গ্রামের হাফিজার রহমান তালুকদারের পুত্র ও কন্যা।

বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল গণি জানান, রোমান ও তন্বি নানা বাড়ি থেকে ঈদের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে নানা আব্দুল মান্নানকে নিয়ে ফিরছিলেন। মোটরসাইকেলে উজিরপুরে পৌঁছলে ঠাকুরগাঁওগামী বাবলু এন্টারপ্রাইজের একিট বাস (ঢাকা মেট্রো-ব ১৪-১৭০২) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়ে ও মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই আগুনে দগ্ধ হয়ে মারা যান নানা আব্দুল মান্নান ও নাতি রোমান। গুরুতর আহত অবস্থায় নাতনি তন্বিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকা শোকের ছায়া নেমে এসেছে।

পীরগঞ্জ থানার ওসি  রবিউল ইসলাম জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।