বস্তিতে জন্ম, এখন সিনেটে

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ১০:০৪

নির্বাচনে জয়লাভ হয়েছে জানার পর তিনি নিজের ফেসবুকে বলেছেন, ‘আমি সেই মানুষ, যে বস্তি থেকে উঠে এসে সিনেটর হয়েছি। ফুটবল দিয়ে দারিদ্র্যকে জয় করেছি, এতে আমি গর্বিত।’ কথাগুলো বলেছেন, ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলের শিরোপাজয়ের অন্যতম নায়ক রোমারিও। রিও ডি জেনিরোর জাকারেজিনহোর এলাকার বস্তিতে জন্ম নিয়ে ফুটবল খেলে নিজেকে চিনিয়েছেন সারা বিশ্বের কাছে। ব্রাজিল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হয়েছেন, বিশ্বকাপ জিতেছেন, পরিণত হয়েছেন কিংবদন্তিতেও।

 

 

রোমারিও খেলা ছেড়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন অনেক আগেই। ২০১০ সালের নির্বাচনে রিওর রাজ্য সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার আরও বড় পরিসরে আরও উজ্জ্বল রূপে দেখা দিলেন।ব্রাজিলের সাধারণ নির্বাচনে রিও ডি জেনিরোর একটি আসন থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন সোশালিস্ট পার্টি থেকে। সেটিও রিওর ওই আসন থেকে রেকর্ড ভোট পেয়ে!
নির্বাচনে রোমারিও ছাড়াও জিতেছেন আরও অনেক ফুটবলার। ডেমোক্রেটিক লেবার পার্টি থেকে জিতে রিও ডি জেনিরোর রাজ্য সংসদে আবার নির্বাচিত হয়েছেন রোমারিওর একসময়ের সতীর্থ এবং সাম্প্রতিক কালে রাজনৈতিক প্রতিপক্ষ বেবেতো। জিতেছেন এফসি পোর্তোর সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মারিও জার্দেল, সাবেক ব্রাজিলিয়ান গোলরক্ষক ড্যানরেই ও হোয়াও লেইতে। জয়ী হয়েছেন করিন্থিয়াস ক্লাবের সাবেক সভাপতি আন্দ্রেস সানচেজও। তবে এদের কারোরই রোমারিওর মতো এমন ‘ভূমিধস বিজয়’ নয়।
রিওর ওই আসনের ৪০ লাখ ৬৮ হাজার ভোটার রায় দিয়েছেন রোমারিওর পক্ষে, যা মোট ভোটের ৬৩.৪ শতাংশ। ওই আসনে রোমারিওর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র ২০ শতাংশ ভোট। ব্রাজিলের হয়ে ৭০ ম্যাচে ৫৫ গোলের রোমারিও কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ দিয়েছেন তাঁর সমর্থকদের, ‘আমি জানি, সবাই আমার ওপর কতটা আশা করে আছেন। কথা দিচ্ছি, কেউ আশাহত হবেন না।’