গাইবান্ধায় বাস চাপায় দুই গৃহবধূ নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ১৪:০২
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাসের চাপায় রাজেনা বেগম (৩০) ও নাজমা বেগম (২২) নামে দুই গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা রুজিনা বেগম (২৮) নামে আরো এক গৃহবধূ আহত হন। সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের আনছার মাস্টারের ছ’ মিলের সামনে বৃহস্পতিবার সকালে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী যাত্রীবাহী বাসটি পুড়িয়ে দিয়েছে।
 
নিহত রাজেনা বেগম উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের হাবিল উদ্দিনের স্ত্রী এবং নাজমা বেগম একই গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী। গুরুতর আহত একই গ্রামের জহুর উদ্দিনের স্ত্রী রুজিনাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এলাকবাসীর বরাত দিয়ে জানান, সকাল সাতটার দিকে বাড়ির সামনে সড়কের পাশে বসে ওই তিন গৃহবধূ গল্প করছিলেন। এ সময় গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই গৃহবধূ মারা যান ও এক গৃহবধূ আহত হন। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বাসিটি পুড়িয়ে দেয়। পুলিশ লাশ দু’টি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।