গাইবান্ধার গোবিন্দগঞ্জে উজ্জল (২২) নামে এক যুবককে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার কোচাশহর ইউনিয়নের ধর্মপুরগ্রামে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। উজ্জল একই গ্রামের আতাউর রহমানের ছেলে।
কোচাশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল জানান, প্রতিবেশি এক মেয়েকে ভালোবাসতো উজ্জল। সম্প্রতি বিষয়টি ওই মেয়ের বাবা ও ভাইয়েরা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠে এবং ওই যুবককে হত্যার হুমকি দেয়। ফলে প্রায় দুই সপ্তাহ থেকে উজ্জল বাড়িতে অবরুদ্ধ হয়ে পরেন।
তিনি আরো জানান, এ নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশার চেষ্টা করা হলেও মেয়ে পক্ষ তাতে রাজি হয়নি।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘটনার দিন দুপুর ১২টার দিকে উজ্জল স্থানীয় বোনাতেলা বাজার থেকে বাড়ি ফিরতেছিল। পথে ছালাম মাস্টারের বাড়ির সামনে ব্রিজের ওপরে একদল দুর্বৃত্ত উজ্জলের পথরোধ করে। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে প্রকাশ্যে তাকে গলা কেটে হত্যা করে। ধারণা করা হচ্ছে ঐ মেয়ের স্বজনরা এই ঘটনা ঘটিয়েছেন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
