সাতক্ষীরার শ্যামনগরে মত্স ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আজিজুল মোড়ল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাবুরা ইউয়িনের গাগড়ামারী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আজিজুল উপজেলার গাবুরা গ্রামের খলিল মোড়লের ছেলে।
আহতরা হলেন, ফারুখ (৩৭), আশিক (২৫), আব্দুল আলিম (২৭), ফারুখ (৩০), শহীদ (৩০)। এদের সবারই বাড়ি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে।
এ ঘটনায় পুলিশ আবুল বাশার ও ইবাদাদ হোসেন নামে দুইজনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে একই ঘের দখলকে কন্দ্রে করে স্থানীয় মজিদ মেম্বরের লোকজন ঐ এলাকার আসাদুল্লাহ আল গালিব নামে এক ব্যক্তিকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। এরই জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার দুপুরের দিকে গালিবের সমর্থকরা ঐ ঘের এলাকায় গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষই গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আজিজুল মোড়ল ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো পাঁচজন। নিহত আজিজুল মোড়ল মজিদ মেম্বরের সমর্থক বলে জানা গেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়োন করা হয়েছে।
