চট্টগ্রামে ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ২০:১০
 
পথচারীদের চলাচলের সুবিধার্থে বন্দরনগরীর গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ নিয়েছে পুলিশ। প্রাথমিক পর্যায়ে নগরীর দেওয়ানহাট মোড় থেকে সিমেন্ট ক্রসিং মোড় পর্যন্ত রাস্তায় হকার, ভ্যানগাড়ি বা অন্য কোনো যানবাহন দাঁড়ানো অথবা মালপত্র রাখা নিষিদ্ধ করা হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ওই এলাকায় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে রবিবার থেকে অভিযান শুরু হবে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য রাস্তাও অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হবে।
বৃহস্পতিবার সিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সাথে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্তের কথা জানান পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মন্ডল।
সিদ্ধান্ত অনুযায়ী, ইপিজেড মোড় এলাকায় গার্মেন্টস শ্রমিক বহনকারী বাস-মিনিবাস রাস্তার উপর অপেক্ষমান থাকবে না। দূরপাল্লার বাস যাত্রী উঠা-নামার জন্য যতটুকু সময় প্রয়োজন তার অতিরিক্ত সময় ইপিজেড মোড় থেকে বন্দরটিলা, সিমেন্টক্রসিং এলাকায় অবস্থান করবে না। এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য আজ ও আগামীকাল উক্ত এলাকায় মাইকিং করা হবে। আগামীকালের মধ্যে রাস্তা থেকে অবৈধ দোকান, ভ্যানগাড়ি, অন্যান্য গাড়ি ও মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সভায় উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলররা ফুটপাত দখলমুক্ত করতে সিএমপির উদ্যোগকে স্বাগত জানিয়ে এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।