বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইলিয়াস হোসেন। তিনি আত্মহত্যা করেছেন বলে একটি চিরকূট লিখে গেছেন। রহমানিয়া হোটেল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে গিয়ে লাশ উদ্ধার করা হয় বলে কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।
জানা গেছে মঙ্গলবার ওই হোটেলের ২৫ নম্বর কক্ষ ভাড়া নেন ইলিয়াস। বুধবার রাত পর্যন্ত তাকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল বলে হোটেলকর্মীরা পুলিশকে জানিয়েছেন। বৃহস্পতিবার দিনভর কক্ষ বন্ধ দেখে সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে ঢুকে ফ্যানের সঙ্গে ইলিয়াসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। আর বিছানার ওপর পায় চিরকূটটি, যাতে লেখা রয়েছে- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়’। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এই মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখছে।
