টেলিভিশনের পর্দায় ডায়াপারের বিজ্ঞাপনটি খুব আকর্ষণীয় করে দেখানো হয়। কারণ এই বস্ত্রটি যে শিশুদের জন্য ব্যবহার করা হয়! শিশুদের প্রাকৃতিক কাজটি নিরাপদে সারতে এর প্রয়োজনীয়তাও রয়েছে। কিন্তু ডায়াপার এবার কেবল শিশুদের জন্য নয়, গরুর জন্যও প্রয়োজনীয় হয়ে উঠছে!
জার্মানের এক কৃষক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নীতির প্রতিবাদ করতে গিয়ে এই অভিনব কাজটি করেছেন। তিনি তার গরুকে ডায়াপার পরিয়েছেন! সমপ্রতি ইইউ পাহাড়-পর্বতের ঢালে গরু চরানোর বিষয়ে একটি নীতি বাস্তবায়নের প্রস্তাব করে। নীতিতে বলা হয়, পাহাড়ের ঢালে কোনো গরু মলত্যাগ করতে পারবে না। বেভারিয়ান ফার্মারস এসোসিয়েশন নামের একটি সংগঠন ওই নীতির প্রতিবাদে গত বুধবার প্রতিবাদ দিবস পালন করে। কৃষকরা বলছেন, এর মাধ্যমে ওই এলাকায় মূলত গরুকে ঘাস খাওয়ানোই নিষিদ্ধ করা হয়েছে। সেখানে প্রচুর ঘাস রয়েছে। জোহান হাবার নামের এক কৃষক প্লাস্টিকের পর্দা দিয়ে ডায়াপার বানিয়ে তার গরুকে পরিয়েছেন। তবে ইইউ জানিয়েছে, আমরা গরু নিয়ে উদ্বিগ্ন না। আমরা উদ্বিগ্ন ভূ-গর্ভস্থ পানি নিয়ে। গরুর মলত্যাগের কারণে ভূ-গর্ভস্থ পানিতে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে বলে ইইউ জানিয়েছে। - ইউপিআই
