শৈলকুপায় সংঘর্ষে আহত আরো এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ১৩:২১


ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রত্নাট ও আলফাপুর গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহত মনসের বিশ্বাস (৪৫) ঢাকার সাভারে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকালে তার মৃত্যু সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে ফের রত্নাট, বগুড়া ও আলফাপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে তিন জন আহত হন। এ সময় সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে লিপ্ত দু’দলই আওয়ামী লীগ সমর্থক।

শৈলকুপা থানা এস আই মিজানুর রহমান জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ওই দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মনসের বিশ্বাস গুরুতর আহত হন। তাকে প্রথমে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকার এনাম হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সকালে তিনি মারা যান।

মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছালে ফের তিন গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় তিন জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা প্রশমনে ওই তিন গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত দফায় দফায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষ চলে। এতে রত্নাট গ্রামের আলম সরদার আহত হয়ে মাগুরা হাসপাতালে মারা যান। সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। ৪০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।