১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়। পরিষদে ক্ষমতাসীন মুসলিম লীগের বিপক্ষে প্রধান বিরোধী দল ছিল পাকিস্তান জাতীয় কংগ্রেস। অধিবেশনের প্রথম দিনই কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত দুটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন। প্রথম প্রস্তাবটিতে দাবি জানানো হয় যে বছরে অন্তত একবার পাকিস্তান গণপরিষদের অধিবেশন ঢাকায় অনুষ্ঠিত হওয়া উচিত। দ্বিতীয় প্রস্তাবে বলা হয়:
That is sub-rule (1) of rule 29, after the word ‘English’ in line 2, the words ‘or Bengali’ be inserted.
প্রসঙ্গত উল্লেখ্য যে, গণপরিষদ পরিচালনা-সংক্রান্ত বিধিমালায় লেখা ছিল : ‘কেবলমাত্র উর্দু অথবা ইংরেজিতেই কোনো সদস্য ভাষণ দিতে পারবেন এবং পরিষদের কার্যবিবরণী উর্দু অথবা ইংরেজিতেই পরিচালিত হবে।’ ধীরেন্দ্রনাথ দত্ত তাঁর উত্থাপিত সংশোধনী প্রস্তাবে উর্দু ও ইংরেজির সঙ্গে বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের অধিকার দাবি করেছিলেন। এ প্রসঙ্গে বদরুদ্দীন উমর আরও জানিয়েছেন :
এ বিষয়ে ধীরেন দত্তের সাথে তাঁর কংগ্রেস সংসদীয় দলের ঐক্যমত থাকলেও এই প্রস্তাব যে কংগ্রেস কর্তৃক সেখানে আনুষ্ঠানিকভাবে করা হয়েছিল এমন কোনো প্রমাণ নেই। এ বিষয়ে ধীরেন দত্তকে আমি একটি চিঠি লিখলে তার জবাবে তিনি তাঁর চিঠিতে বলেন, ‘বাংলা ভাষা আমাদের রাষ্ট্রীয় ভাষা হউক ইহাই ছিল আমার প্রস্তাব। ইহাই আমার পার্টি প্রস্তাব ছিল বলিয়া মনে হচ্ছে না।’ কিন্তু ব্যক্তিগতভাবে ধীরেন দত্ত কর্তৃক ভাষা বিষয়ক প্রস্তাবটি উত্থাপিত হওয়া সত্ত্বেও সেটি সংসদীয় দলের দ্বারা সর্বতোভাবে সমর্থিত হয়েছিল।
ধীরেন্দ্রনাথ দত্তের এই প্রস্তাবটি ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে আলোচনার জন্য গৃহীত হয়। প্রস্তাবের সমর্থনে তিনি দীর্ঘ যুক্তিপূর্ণ বক্তব্য রাখেন—যা আমাদের মহান ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে। বক্তৃতায় দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেন :
... ... Out of six crores and ninety lakhs of people inhabiting this state, 4 crores and 40 lakhs of people speak the Bengalee language. So, Sir, what should be the state language of the state? The state language of the state should be the which is used by the majority of the people of the state, and for that, Sir, I consider that Bengalee language is a lingua franca of our state. ... ...
সূত্র : ধীরেন্দ্রনাথ দত্ত : জীবন ও কর্ম/মিনার মনসুর (বাংলা একাডেমি, ২০১৩)
