ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বিস্ফোরণের ঘটনায় শুক্রবার আরো ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার কেতু গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এনিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হলো।
এদিকে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এ বিষয়ে একটি এফআইআর দায়ের করেছে। ভারতের কেন্দ্রীয় সরকার ঘটনা তদন্তে এনআইএ-কে নির্দেশ দিয়েছে। যদিও এর আগে পশ্চিমবঙ্গ সরকার তদন্তের কাজ সিআইডি’র উপর ন্যস্ত করে। কিন্তু বিরোধী দলসহ বিভিন্ন দিক থেকে বিষয়টির সমালোচনা করে এনআইএ’র ওপর তদন্তের ভার দেয়ার দাবি জানানো হয়। রাজ্যসরকার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে একতরফা বলে মন্তব্য করেছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজ্যশিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী কলকাতায় গতকাল কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, সিআইডি প্রশংসামূলকভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। উল্লেখ্য, ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগোড়ায় বিস্ফোরণে ২ ব্যক্তি প্রাণ হারায়। খবর বাসসের।
