চট্টগ্রামের লোহাগাড়ায় একটি তেলবাহী গাড়ির ট্যাংকি বিস্ফোরণে সজীব জলদাস (১৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাদল জলদাস (২০) অপর একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার পুরাতন থানা গেইট সংলগ্ন ডায়াবেটিক হাসপাতালের সামনে একটি গ্যারেজে এই ঘটনা ঘটে। নিহত সজীব জলদাস উপজেলার চন্দনাইশ দিয়াকূল এলাকার শিবিক জলদাসের ছেলে এবং আহত বাদল জলদাস সাতকানিয়া উপজেলার মানিয়াবাদ এলাকার মিলন জলদাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী নাছির উদ্দীন সিকদারের মালিকানাধীন তেলবাহী গাড়িটি মেরামতের জন্য স্থানীয় আমিন মিস্ত্রীর ওয়ার্কশপে নেয়া হয়। ঐ দুইজন মেকানিক গ্যাস ওয়েল্ডিং-এর কাজ করছিলেন। এ সময় গাড়ির ট্যাংকিটি হঠাত্ বিস্ফোরিত হয় । বিস্ফোরণে ট্যাংকিটির পিছনের অংশ উড়ে যায়। বিকট শব্দে শুনে আশপাশের লোকজন এসে ঐ দুই শ্রমিককে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সজীব জলদাশ মারা যায়। আহত বাদল জলদাসকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
