কুমিল্লায় ডাস্টবিন থেকে দুই মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার বিষ্ণপুর এলাকা লাশটি উদ্ধার করা হয়। শিশুটির নাম ওমর হোসেন বলে জানা গেছে। সে ঐ এলাকার আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিষ্ণপুর এলাকার একটি ডাস্টবিনের ভেতরে এক শিশুর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে শিশুটিকে গলাটিপে হত্যার পর ডাস্টবিনে ফেলে রাখা হয়ে ছিল। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাত্ক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
