ভারতকে অস্ত্রবিরতি চুক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ১৮:৪৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতকে অস্ত্রবিরতি চুক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে পাক-ভারত সীমান্তে ভারতীয় সেনাদের ‘বিনা উস্কানিতে’ গুলি চালানোর নিন্দা জানান। খবর দ্য ডনের।
শুক্রবার নওয়াজ অভিযোগ করেছেন, গত সোমবার পবিত্র ইদুল আজহার দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানরা পাকিস্তান সীমান্তে গুলি চালায়। এতে অন্তত চার পাকিস্তানি নাগরিক নিহত হন। এরপর থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত কয়েক দিনের গোলাগুলিতে উভয়পক্ষের বেশ কয়েকজন নিহত ও কিছু লোক আহত হয়েছেন। এমনি পরিস্থিতিতে শুক্রবার সরকারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন নওয়াজ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান, প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ, প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সার্তাজ আজিজ এবং কয়েকজন সিনিয়র সামরিক কর্মকর্তা।