ড্রামের ভিতর শিশুর লাশ, সৎ মা গ্রেফতার

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ২০:২৭

রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাইমুনা নামে ৬ বছর বয়সী একটি কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ধলপুরের খালিকুজ্জামান গলির ৯৪/১১ নম্বর বাড়ির চারতলার বাথরুমের ড্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর জানান, মাইমুনা তার বাবা, দাদী ও সৎ মায়ের সঙ্গে ঐ বাসায় থাকত। প্রতিদিন রাতে দাদীর সঙ্গে সে ঘুমাত। বৃহস্পতিবার তার বাবা গ্রামের বাড়ি মাদারীপুর বেড়াতে যান। বৃহস্পতিবার রাতে দাদীর সঙ্গে না ঘুমিয়ে সৎ মায়ের সঙ্গেই ঘুমিয়েছিল মাইমুনা। শুক্রবার সকালে দাদী বাসার বাথরুমে ঢুকে ড্রামের ভিতর পানিতে মায়মুনাকে চুবানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
যাত্রবাড়ী থানার ওসি আরো জানান, ড্রামের ভিতর শিশুটিকে এমনভাবে ঢুকানো হয়েছে যে তার বাম হাত ভেঙ্গে গেছে। এক পায়ে কামড়ের দাগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকা-। এ ঘটনায় শিশুটির সৎ মা সুমাইয়া ইসলাম শারমিনকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে রাখা হয়েছে। মাইমুনার বাবার নাম আবদুর রাজ্জাক। তিনি ওয়াসায় চাকরি করেন। মাইমুনা রাজ্জাকের প্রথম স্ত্রীর ঔরসজাত সন্তান। কয়েক বছর আগে তিনি শারমীনকে দ্বিতীয় বিয়ে করেন।
ক্যান্টনমেন্টে তরুণীর হাত-পা বাঁধা লাশ : রাজধানীর ক্যান্টনমেন্ট থেকে অজ্ঞাত এক তরুণীর (৩০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টায় ক্যান্টনমেন্টের নতুন রাস্তার কাছে ক্যাফে ঝুমঝুম রেস্তোরাঁর পাশের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
ক্যান্টনমেন্ট থানার এসআই শাখাওয়াত হোসেন জানান, লাশের পরনে ছিল হলুদ সালোয়ার ও কালো কামিজ। তার গলায় কাপড় পেঁচানো ও শরীর কম্বল দিয়ে মোড়ানো ছিল। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।