শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত নোয়াখালীর সেনবাগে বাল্যবিবাহের অপরাধে বর ও নিকাহ রেজিস্ট্রারের সহকারীকে এক সপ্তাহ করে কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান এ সাজা দেন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কাদরা ইউনিয়নের চাঁনপুর খলিপাড়ার আবু তাহেরের মেয়ে সেনবাগ ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ফাহমিদা আক্তারের (১৩) সঙ্গে একই এলাকার ছায়েদুল হকের ছেলে কবির হোসেনের (২৮) বিয়ের দিন ছিল গতকাল শুক্রবার। দুপুরে যথারীতি বরপক্ষের লোকজন কনের বাড়িতে যান। খাওয়া-দাওয়া করেন অনেকে। গোপন সংবাদে এ খবর পেয়ে যথাসময়ে পুলিশ নিয়ে সেখানে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান। ইউএনওর গাড়ি দেখে কনের পরিবারের লোকজন পালিয়ে গেলে ইউএনও বিয়েবাড়ি থেকে বর কবির হোসেন, নিকাহ রেজিস্ট্রারের সহকারী ইকবাল হোসেন ও মৌলভি আবু শাকেরকে ধরে নিয়ে আসেন।
এরপর ইউএনও সেনবাগ থানায় এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপস্থিত সাক্ষ্য-প্রমাণ ও দোষ স্বীকারের ভিত্তিতে বর ও নিকাহ রেজিস্ট্রারের সহকারীকে এক সপ্তাহ করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া মৌলভি আবু শাকেরকে ভবিষ্যতে এ ধরনের বাল্যবিবাহ না পড়ানোর তওবা করানো হয়।
