বাড়ি-ঘর, বিভিন্ন প্রতিষ্ঠানের আসবাবপত্র নিলামে বিক্রির কথা আমরা অহরহ শুনতে পাই এবং অনেকে সেটা করিও। কিন্তু এমন নিলামের কথা কেউ কখনো শুনেছে! ভূতের গ্রাম নিলামে বিক্রি! এমন অভিনব কাণ্ডটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের জনসনভিলি নামের গ্রামটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে সম্পত্তি ব্যবস্থাপনা কোম্পানি ব্রাডলি অ্যান্ড অকশন ডটকম গ্রামটি নিলামে বিক্রির ঘোষণাও দিয়েছে। IMG0 শুরুতে এর মূল্য হাঁকা হয়েছে আট লাখ ডলার। গ্রামটিতে ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা রয়েছে। ৬২ একর আয়তনের এই গ্রামটিতে কয়েকটি বাড়ি, জেনারেল স্টোর, কাঠের বাঁধ এবং ধর্মীয় উপাসনালয় রয়েছে। আছে একটি জলপ্রপাতও। এখানে আধুনিক সব স্থাপনা তৈরির সুবিধা আছে বলে নিলাম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই নিলাম কার্যক্রম চলবে। ১৮৪২ সালে গ্রামটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭০ এর দশকে এখানে স্থাপিত কারখানাগুলো বন্ধ হওয়ায় বাসিন্দারা গ্রামটি ছেড়ে চলে যায়। এরপর থেকে এটিকে ভূতের গ্রাম বলে ডাকা হয়! - ইউপিআই
