যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন কাজে তহবিল সংগ্রহের লক্ষে দাতা দেশগুলোর প্রতিনিধিরা রবিবার কায়রোয় এক সম্মেলনে মিলিত হয়েছেন। এদিকে ইসরাইল ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ ৩০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে অংশ নিয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন গাজা পুনর্গঠনে একশ’ ৬০ কোটি ডলারের রেকর্ড পরিমাণ সহায়তা চেয়েছেন। খবর বাসস'র।
ইতিমধ্যে ফিলিস্তিন সরকার গাজা পুনর্গঠনে তাদের ৭৬ পৃষ্ঠার একটি পরিকল্পনা প্রকাশ এবং চারশ’ কোটি ডলার সহায়তার আহ্বান জানিয়েছে। সহায়তার অধিকাংশ অর্থ বাড়ি-ঘর নির্মাণে ব্যয় হবে বলে পরিকল্পনায় তুলে ধরা হয়।
চলতি বছর জুলাই ও আগস্টের ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনের প্রায় দু’হাজার দুশ’ লোক এবং ইসরাইলের ৭৩ জন প্রাণ হারায়।
কায়রো সম্মেলনের আগে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা বলেছে, গাজার জন্যে ব্যাপক আর্থিক সহায়তা প্রয়োজন।
