আইএসের ওপর আরও বিমান হামলার আহ্বান কুর্দিদের

আপডেট : ১২ অক্টোবর ২০১৪, ১৮:৪১




ইসলামিক স্টেট’র (আইএস) ওপর বিমান হামলা জোরদার করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন কোবানির প্রতিরোধ লড়াইয়ে রত কুর্দি যোদ্ধারা। শনিবার কোবানিতে আইএস’র দখল আরো সম্প্রসারিত হওয়ার প্রেক্ষিতে কুর্দিরা ওই আহ্বান জানান।

চারদিন আগে কোবানির ভিতরে ও চারপাশে আইএস’র অবস্থানের ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বিমান হামলার তীব্রতা বৃদ্ধি করে। কুর্দিদের প্রধান সশস্ত্র গোষ্ঠি ওয়াইপিজি এক বিবৃতিতে বলেছে, ওই বিমান হামলায় আইএস’র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে পরবর্তী দুইদিনে তা তেমন প্রভাব ফেলেনি। কোবানিতে লড়াইরত এক কুর্দি সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাস্তায় রাস্তায় লড়াই চলায় আইএস’র অবস্থান শনাক্ত করা বিমান হামলাকারীদের জন্য কঠিন হয়ে উঠেছে।
কোবানি প্রতিরোধ কাউন্সিলের প্র্রধান এসমাত আল শেখ বলেন, বিমান হামলায় আমাদের সুবিধা হচ্ছে, কিন্তু আইএস পূর্ব দিক থেকে ট্যাঙ্ক ও কামান নিয়ে আসছে। আমরা তাদের ট্যাঙ্কসহ দেখিনি, কিন্তু গতকাল আমরা টি-৫৭ ট্যাঙ্ক দেখেছি।

অভজারভেটরি ফর হিউম্যান রাইটস এর পরিচালক রামি আব্দেলরাহমান বলেছেন, “(আইএস) যোদ্ধা ও রসদ সরবরাহ পাচ্ছে, অপরদিকে তুর্কি কোবানিতে অস্ত্র পাঠানো বন্ধ করে রেখেছে। প্রতিরোধ সত্বেও এই অবস্থা চলতে থাকলে কুর্দি বাহিনী জ্বালানি ছাড়া গাড়িতে পরিণত হবে।”