লতিফি সিদ্দিকীর পদত্যাগ করা উচিত ছিল : সুরঞ্জিত

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ১৬:১৪
 
 
 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পদত্যাগ করা উচিত ছিল। তার পদত্যাগ না করাটা দুর্ভাগ্যজনক। উনি তো পদ আঁকড়ে ছিলেন। সোমবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। খবর: বাসসের।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, লতিফ সিদ্দিকীর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া সহজ ব্যাপার ছিল না। প্রধানমন্ত্রী অত্যন্ত শালীনতা ও ধৈর্য্যরে সঙ্গে বিষয়টির মীমাংসা করেছেন। 
এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি বলেন, লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ থাকবে কি না- এ সম্পর্কে দলের সাধারণ সম্পাদক কথা বলেছেন। তিনি একইসঙ্গে দলের নীতি নির্ধারক ও মন্ত্রী অর্থাৎ সরকারেরও নীতি নির্ধারক। 
সংগঠনের উপদেষ্টা নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট সামছুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।
চলমান রাজনীতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমী।