ফরাসি অর্থনীতিবিদের নোবেল জয়

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ২১:২৩
এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের অর্থনীতিবিদ জ্যাঁ তিরোল। বাজার শক্তি এবং নিয়ন্ত্রণ-বিধি নিয়ে গবেষণার জন্য তাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।  বৃহত্ কোম্পানিগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে সে বিষয়ে গবেষণা ও অবদানের জন্য ‘দ্য রয়াল সুইডিশ একাডেমী অব সায়েন্সেস’  সোমবার নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে। খবর: দ্য টেলিগ্রাফ, এপি।
১৯৮০ সাল থেকে বৃহত্ কোম্পানি নিয়ন্ত্রণের বিষয়ে গবেষণা করে আসছেন ৬১ বছর বয়সী এই অর্থনীতিবিদ। প্রায়ই নিয়ন্ত্রকদের এমন সব অপ্রতিসম তথ্যের মুখোমুখি হতে হয় যে, ঐসব প্রতিষ্ঠান সম্পর্কে একই ধরনের তথ্য তাদের নেয়া সম্ভব হয় না। নিয়ন্ত্রণকারীরা প্রায় মুখোমুখি হয় এমন কিছু সমস্যা সমাধানে গবেষণায় সাফল্য দেখিয়েছেন তিনি। যা এ ধরনের বৃহত্ প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে সহজ পথ বাতলে দিয়েছে।
তিরোল তৌলুস ইউনিভার্সিটির ইন্ডাসট্রিয়াল ইকোনমিকসের বিশেষজ্ঞ পরিচালক। এমআইটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী তিরোল ২০১৩ সালে ইউরোপীয় অখন্ডতা দৃঢ় করতে ‘কমপ্লিট দ্য ইউরো’ প্রতিবেদন তৈরিতে অবদান রেখেছিলেন। পুরস্কার বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবেন জ্যাঁ তিরো।
গত বছর অর্থনীতিতে তিন জন নোবেল পেয়েছিলেন। ইউগিন এফ. ফামা, লার্স পিটার হ্যানসেন ও রবার্ট জে. শিলার। সম্পদ মূল্যায়নে বাস্তভিত্তিক বিশ্লেষণ ও গবেষণার জন্য তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।